
একমাত্র সন্তানের জন্য গৃহ শিক্ষক চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন এক দম্পতি। যদিও সন্তানের বয়স মাত্র ১৩ মাস। এইটুকু বাচ্চা পড়বে কি? বিজ্ঞাপনেই সে কথাও উল্লেখ করেছে ওই দম্পতি। যেহেতু বাচ্চার পড়াশুনাই এখনো শুরু হয়নি, তাই গৃহ শিক্ষকের কাজ হবে তাদের বাচ্চার সাথে খেলাধূলা করা। বিনিময়ে তার বেতন হবে মাসে ৭ হাজার মার্কিন ডলার।
ঘটনাটি চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝু শহরের। ওই শহরের বাসিন্দা চেন ও তার স্ত্রী ঝাং সম্প্রতি একটি ব্যবসায় চালু করেছে। ব্যবসায় সংক্রান্ত ব্যস্ততায় তারা সন্তানকে সময় দিতে পারবেন না। যে কারণে এই গৃহ শিক্ষক(!) চেয়ে বিজ্ঞপ্তি। তার উপর স্ত্রী ঝাং আবার সন্তান সম্ভবা।
এত উচ্চ বেতনে গৃহ শিক্ষক নিয়োগ দেয়ার পেছনে ওই দম্পতির যুক্তি, একজন ভালো শিক্ষক তার সন্তানের জীবনে সূদূর প্রসারি প্রভাব ফেলতে পারবে। এত কম বয়সের শিক্ষা বাচ্চারা মনে রাখতে না পারলেও সেটি তার চরিত্র গঠনে প্রভাব ফেলবে। তাই কিন্ডারগার্টেনে যাওয়ার আগেই বাচ্চার জন্য একজন শিক্ষিত ও মেধাবী সঙ্গী চান তারা।
অনেকে অবশ্য এটিকে অর্থের অপচয় বলছেন। তবে সে সব কথায় কান দেয়ার সময় নেই চেন-ঝাং দম্পতির। সুত্র: চায়না ডেইলি




