
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে কয়েকটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে একাধিক ঝুটের গুদামসহ পার্শ্ববর্তী একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর বুধবার রাত সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, বুধবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় চায়না মার্কেটের রাজ্জাকের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আগুন পার্শ্ববর্তী শরীফের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।
আক্তারুজ্জামান লিটন বলেন, খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আক্তারুজ্জামান লিটন আরো বলেন, আগুনে ঝুট গুদামের বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড়, ঝুট ও মালামাল পুড়ে গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী একটি বাড়িরও ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। সুত্র: নয়া দিগন্ত




