শিরোনাম

বন্দরে সাংবাদিক খুন, গ্রেফতার ৩

বন্দরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মো. ইলিয়াস শেখ (৫২) নামের এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাস্থল থেকে তুষার (২৮)কে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। রাতে এজাহারভুক্ত আসামি মিনা (৬০) ও মিসির আলী (৫৩) নামে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কলাগাছিয়া জিওধারা আদমপুর চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাংবাদিক মো. ইলিয়াস কলাগাছিয়া ইউপির জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে। তিনি স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার স্টাফ রিপোর্টার। মামলায় অন্য আসামিরা হলো- হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও হজরত আলী (৫০)।
এলাকাবাসী জানায়, উপজেলার কলাগাছিয়া ইউপির জিওধারা এলাকার মৃত জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয় এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি দৈনিক বিজয় পত্রিকায় লেখালেখি করা হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশ তুষারসহ সহযোগীদের গ্রেপ্তার করে। এর জের ধরে রোববার রাত ৯টার দিকে জিওধারা চৌরাস্তা থেকে মোবাইলে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিলেন ইলিয়াস। বাজারে আগে থেকেই মাদক ব্যবসায়ী তুষার, তার ছোট ভাই তুর্যসহ ৮-১০ জন সহযোগী অবস্থান করছিল। ইলিয়াসকে দেখে প্রথমে তুষার অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় ইলিয়াস বাসার দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে তুষার পেছন থেকে দৌড়ে গিয়ে ইলিয়াসকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তার পেট ও বুকে ছুরিকাঘাত করলে ইলিয়াছ মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। নারায়ণগঞ্জ ১৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করেন তিনি।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার এবং বাকিরা পলাতক রয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি প্রাথমিক ভাবে তদন্তে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে। সোমবার ভোরে সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button