
গাধাদের যতোই নির্বোধ বলা হোক না কেন গাধা কিন্তু মোটেও অপাংক্তেয় নয়। কর্মঠ স্বভাবের কারণে এদের দারুণ সুনাম রয়েছে। দুর্গম অঞ্চলে মালামাল টানার ক্ষেত্রে এদের জুড়ি নেই। তবে নির্বোধ স্বভাবের কারণে এবার আট গাধার জেল দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভারতের উত্তর প্রদেশের জালাউন জেলার উরাই কারা কর্তৃপক্ষ।
গাধাগুলোর অপরাধ ছিল তারা বাহারি গাছ খেয়েছে, তাও কারাগারের বাগানের! বরাবরের মতো অপরাধ সংঘটিত হওয়ার পর হুঁশ ফেরে পুলিশের। বাগানের মূল্যবান গাছগুলো সাবাড় করার দায়ে গাধাগুলোকে পাকড়াও করে পুলিশ। শাস্তি হিসেবে তাদের চার দিনের জেল দেয় কারা কর্তৃপক্ষ। পরে স্থানীয় রাজনীতিকরা মুচলেকা দিয়ে গাধাগুলোকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে গাধার মালিককে ক্ষতিপূরণ দিতে হয়েছে কিনা তা জানা যায়নি।-এনডিটিভি



