
গণতান্ত্রিক ব্যবস্থাই পারে দেশের সার্বিক উন্নয়ন করতে। তাই উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা চত্তরে জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাত্তরে দেশ স্বাধীন করার পর জাতির জনক অল্প সময়ের মধ্যেই দেশকে স্বল্পোন্নত স্বীকৃতি এনে দিয়েছিলেন। আমরা সেটি থেকে গ্রাজুয়েশন করেছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের উত্তরণ হতে যাচ্ছে। উন্নয়নশীল দেশ হওয়ার সব শর্ত আমরা পূরণ করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের বাজেট দেওয়ার জন্য কারও মুখাপেক্ষী হতে হয় না। এর করণ হিসেবে তিনি দেশের উন্নয়ন এবং প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ার কথা বলেন।
জেলা প্রশাসন থেকে যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ও বাস্তব ধর্মী বলে তিনি মনে করেন। তাই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দেশের সকল উন্নয়নে জেলা প্রশাসনের মতামতকেও গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য. তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। শেষ হবে ২৬ জুলাই।




