খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার (১ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাহজাদপুর থেকে শুরু হয়ে উত্তর বাড্ডায় গিয়ে শেষ হয়।
মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এখন চরম পর্যায়ে উপনীত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার নামে সরকার প্রতারণা করে যাচ্ছে। দেশনেত্রীর পছন্দের হাসপাতালে তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং যেখানে উন্নত চিকিৎসা দূরের কথা চিকিৎসার আধুনিক সরঞ্জামাদিও নেই সেই হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে জনগণকে বারবার ধোঁকা দিচ্ছে। যা খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলারই সামিল।
রিজভী বলেন, এই খেলা বন্ধ করে অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে।
রিজভীর বক্তব্যের পর মিছিল শুরু হলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেন।খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ




