একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নড়াইলের একটি আদালত এই পরোয়ানা জারি করেন।
গত ২৫ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত সমন জারি করেছিলেন। সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মো. জাহিদুল আজাদ মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম খান বলেন, সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার পরবর্তী দিন আগামি ৩১ অক্টোবর ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেছিলেন খালেদা জিয়া।
এরপর ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।




