খান আতা প্রসঙ্গে ‘দুঃখের কিছু কথা বলতে চাই’ সংবাদ সম্মেলন

অভিনেতা, নির্মাতা, সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার খান আতাউর রহমান নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি এই প্রখ্যাত নির্মাতাকে রাজাকার বলে মন্তব্য করেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আর তাতেই ফুসে উঠেছে সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র পাড়াসহ বিভিন্ন মহল।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খান আতাউর রহমানের নির্মিত ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি নিয়েও মন্তব্য করেন। এমন মন্তব্য নিয়ে চলচ্চিত্রাঙ্গনের প্রতিবাদের ঝড় বইছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটিও প্রদর্শিত করা হবে।
চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বলেন, ‘দুঃখের কিছু কথা বলতে চাই’ শিরোনামে এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে খান আতা সাহেবকে নিয়ে কথা বলা হবে এবং ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি প্রদর্শিত হবে এমনকি সিনেমাটি নিয়েও আলোচনা হবে।
১৯৫৮ সালে পাকিস্তানি পরিচালক আখতার জং কারদার পরিচালিত ছবি ‘জাগো হুয়া সাভেরা’তে মূল ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূত্রপাত হয় খান আতাউর রহমানের। তার অভিনীত প্রথম বাংলা ছবি ছিল ‘এদেশ তোমার আমার’, যেটি মুক্তি পায় ১৯৫৯ সালে। অভিনেতা এবং সঙ্গীত পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন ‘কখনো আসেনি’, ‘যে নদী মরুপথে’, ‘সোনার কাজল’-এর মতো সফল চলচ্চিত্রে।
৭০ এবং ’৮০-এর দশকে উপহার দেন সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘এ কি সোনার আলোয়’, শহনাজ রহমতুল্লাহের কণ্ঠে ‘এক নদী রক্ত পেরিয়ে’-এর মতো গান। খান আতাউর রহমান প্রায় ৫০০ গানের গীতিকার। ‘জীবন থেকে নেয়া’ ছবিতে তিনি ‘এ খাঁচা ভাঙব আমি কেমন করে’ শীর্ষক গানের কথা লিখেন এবং নিজেই কণ্ঠ দেন।



