খেলা

কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রাণঘাতি করোনাভাইরাস থাবা বসিয়েছে বিশ্ব-ক্রীড়াঙ্গনেও। ইতালির অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ডানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসেলেশনে আছেন। এবার হোম কোয়ারেনটাইনে রয়েছেন রুগানির ক্লাব সতীর্থ, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
বর্তমানে জন্মস্থান মাদেইরাতে অবস্থান করছেন পর্তুগিজ তারকা রোনালদো। আপাতত তুরিনে তিনি ফিরছেন না বলে নিশ্চিত করেছে তার ক্লাব জুভেন্টাস। পর্তুগালের শীর্ষ দুই গণমাধ্যম কুয়োতিদিয়ানো স্পোর্তিভো ও অ্যাবোলা রোনালদোর কোয়ারেন্টাইনে যাওয়ার সংবাদ বৃহস্পতিবার (১২ মার্চ) ফলাও করে প্রকাশ করেছে। এছাড়া এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিস্তিয়ানো রোনালদো অনুশীলনে ফিরছেন না এবং বর্তমান শারীরিক অবস্থা যাচাই করতে মাদেইরাতে অবস্থান করছেন।
ডেইলি মেইলের খবরে বলা হয়, সম্প্রতি পর্তুগীজ সুপারস্টার তার অসুস্থ মাকে দেখতে নিজ দেশ পর্তুগাল যান। স্ট্রোকে আক্রান্ত মাকে দেখে এসে উত্তর ইতালিতেই ফেরার কথা ছিল রোনালদোর। আর উত্তর ইতালিতেই করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। আপাতত তাই পর্তুগালের মাদেইরাতে অবস্থিত তার বাড়িতে কোয়ারেনটাইনে রয়েছেন।
গত রোববারও রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত তার সতীর্থ রুগানির সঙ্গে খেলেছেন। রুগানির সঙ্গে তাকে উদযাপন করতেও দেখা যায়। দর্শকদের জন্য স্টেডিয়াম বন্ধ রেখে সে খেলায় ২-০ গোলে ইন্টার মিলানকে হারায় জুভেন্টাস।
ইতালীয় ফুটবল লীগ সিরি’আ আগামী ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে অলিম্পিক লিঁও’র মুখোমুখি হবে জুভেন্টাস। দর্শকদের জন্য স্টেডিয়াম বন্ধ রেখে হতে যাওয়া এ ম্যাচ ইউয়েফা বাতিল করতে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইতালিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৮২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মরণঘাতী এ ভাইরাসটিতে ১২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button