কোরবানী সামনে রেখে সড়কে পশুর হাট বসবে না-ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে সড়কে কোনো ধরনের পশুর হাট বসবে না।
ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে চাঁদপুরের ধনাগোদা নদীর উপর নিমির্তব্য মতলব সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, “চলমান বর্ষায় এবং কোরবানীর ঈদকে সামনে রেখে প্রধান সড়কগুলো সচল রাখাই এখন আমাদের প্রধান উদ্দেশ্য। সড়কে কোনো ধরনের পশুর হাট বসবে না।
বিষয়টি সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের কর্মকর্তারা তদারকি করবেন।”
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন কোরবানীর ঈদে যেসব ফিটনেসবিহীন গাড়িতে কোরবানীর পশু বহন করা হবে সেসব যানবাহন উৎসমুখ থেকেই এবার নিয়ন্ত্রণ করা হবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধনাগোদা নদীর উপর ৮৪ কোটি টাকা ব্যয়ে ৩০৪ মিটার দৈর্ঘ্যরে এই সেতুর নির্মাণ কাজ আগামী বছরের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
এ সময় সড়ক বিভাগ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান, সড়ক বিভাগের কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল হক, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস




