
সার্জনের ছুরির নিচে যে শুতেই হবে সেটি নিশ্চত হয়েছে একদিন আগেই। কিন্তু কাটার মাস্টারের অস্ত্রপচার কোথায় হবে সেটিই এখন প্রশ্ন অনেকের। রোববারের মধ্যে বিষয়টি ঠিক হতে পারে বলে আশা করছে বিসিবি।
কাঁধের পুরোনো চোটে নতুন আঘাতে ইতোমধ্যে কাউন্টি মিশন শেষ হয়ে গেছে মোস্তাফিজুর রহমানের। এখন একটাই আলোচনা, অস্ত্রোপচার করাতে হবে মোস্তাফিজকে। কিন্তু দেশ সেরা এই পেসারকে কোথায় করা হবে অস্ত্রোপচার, তা নিয়েই হচ্ছে কথা। সেটি ইংল্যান্ড না অস্ট্রেলিয়ায়।
ইংল্যান্ডেই হবে অস্ত্রোপচার এমনটি শোনা গিয়েছিল প্রথমে। তবে এখন অস্ট্রেলিয়ার কথাও আলোচনায় আছে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, ‘আমরা এখনো নিশ্চিত করিনি কোথায়, কখন ওর অস্ত্রোপচার হবে। অস্ট্রেলিয়াতেও কথা বলব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করানো হয়, তবে সার্জন গ্রেগ হয়ের কাছে পাঠানো হতে পারে। তিনিও এ ধরনের অস্ত্রোপচার করেন। আশা করছি, রোববারের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’
অস্ত্রোপচার হলে মাঠে ফিরতে মোস্তাফিজকে লম্বা বিরতি দিতে হবে। সে ক্ষেত্রে সুস্থ হয়ে পুনরায় বোলিং করতে প্রায় মাস ছয়েক লেগে যেতে পারে। তাই অক্টোবরে ইংল্যান্ড-সিরিজ ও নভেম্বরের বিপিএল খেলার সম্ভাবনা নেই সাতক্ষীরা এক্সপ্রেসের। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরও পড়তে পারে শঙ্কায়।




