কেরানীগঞ্জ মডেল থানা আ.লীগের সভাপতি সেলিম, সম্পাদক বিপ্লব

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউসুফ আলী চৌধুরী সেলিম সভাপতি ও আলতাফ হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকালে ঘাটারচর আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, আন্দোলনের নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি। সংবিধানের বাইরে গিয়ে দেশে কোনো অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা পাবে না। সাবেক খাদ্যমন্ত্রী আরো বলেন, সভা সমাবেশের মাধ্যমে বিএনপি মহড়া চালাচ্ছে। যেকোনো সময় নাশকতা সৃষ্টি করতে পারে। বিএনপি এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। বিএনপি নেতৃত্বশূন্য দল। এদের জনগণ আর ভোট দেবে না।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, আন্দোলন সংগ্রাম মোকাবিলা করার জন্য শক্তিশালী সংগঠন দরকার। আগামী নির্বাচনে জয়ী হতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারপ্রধান বিশ্বের একজন সফল নেতা। ভারত, পাকিস্তান থেকে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। সামনে বিশ্বের উন্নত দেশগুলোও বিভিন্ন সূচকে আমাদের পেছনে পড়ে যাবে। তখন আমরাই হবো বিশ্ববাসীর কাছে মডেল।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, নতুন কমিটিতে যাতে ত্যাগী নেতারা মূল্যায়িত হয়, সেটা দেখতে হবে। কোনোভাবেই দুর্নীতিবাজ, মাদকসেবীর জায়গা কমিটিতে হবে না।
আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বক্তব্য দেন।
এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বুলবুল, উপদপ্তর বিষয়ক সম্পাদক ও শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য এমএ গফুর, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম বারকুসহ অন্যান্য নেতৃবন্দ বক্তব্য রাখেন।
পরে অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করে। আগামী তিন বছরের জন্য কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি শফিউল আজম বারকু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবকে নির্বাচিত করেন।




