কেনিংটন ওভালে রানের পাহাড়ে ভারত

কেনিংটন ওভালে ডাবল ‘ডি’ ধামাকায় বৃহস্পতিবার শ্রীলঙ্কার সামনে ৩২২ রানের টার্গেট রাখল ভারত৷ শিখর ধাওয়ানের দুরন্ত সেঞ্চুরি ও মহেন্দ্র সিং ধোনির দুরন্ত হাফ-সেঞ্চুরিতে লঙ্কার বিরুদ্ধে তিন শ’র গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া৷ ব্যর্থ বিরাট, তবুও ছ’ উইকেট হারিয়ে ৩২১ রান তুলল ভারত৷
ওয়ান ডে কেরিয়ারে এদিন দশম সেঞ্চুরিটি করেন ধাওয়ান৷ ১২৮ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার৷ ১৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন বিরাটদের ‘গব্বর’৷ এর আগে রোহিত শর্মার সঙ্গে ইনিংসের সূচনা করেন ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন ধাওয়ান৷৭৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত৷ পাকিস্তানের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হাতছাড়া করা রোহিত এদিনও দারুণ ছন্দে ছিলেন৷ কিন্তু অফ-স্টাম্পেক অনেক বাইরের বল মারতে আউট হন মুম্বইয়ের ডানহাতি৷ পাকিস্তান ম্যাচে ভারতীয় মিডল অর্ডারকে এগিয়ে নিয়ে যাওয়া বিরাট ও যুবরাজ এদিন ব্যর্থ৷খাতা খোলার আগেই বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখান নয়ান প্রদীপ৷ আর ব্যক্তিগত ৭ রানে গুনরত্নের বলে বোল্ড হন যুবি৷তার পরই শুরু ওভালে ডাবল ‘ডি’ ধামাকা৷ অর্থাৎ ডি ফর ধাওয়ান এবং ডি ফর ধোনি৷চতুর্থ উইকেটে ৬৪ বলে ৮২ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় ইনিংসকে তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করে এই জুটি ৷৫২ বলে সাতটি চার ও দু’টি ছক্কায় ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ধোনি৷ ১৩ বলে ২৫ রানের ‘ক্যামিও’ ইনিংস খেলেন কেদার৷




