বিনোদন
কুড়িতে কাপুরকন্যা শানায়া
বেশ ঘটা করেই পালিত হলো তারকাকন্যা শানায়া কাপুরের জন্মদিন। ২০তম জন্মদিনে শানায়া পাশে পেয়েছেন বাবা, বলিউড তারকা সঞ্জয় কাপুর ও মা মাহীপ কাপুরকে। উপস্থিত ছিলেন নিকটাত্মীয়সহ শানায়ার বন্ধুরা। আর সবাইকে নিয়ে কেক কেটে পালন করা হয় নবাগত এ সহকারী পরিচালকের জন্মদিন।
সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, আজ ৩ নভেম্বর শানায়া কাপুরের জন্মদিন। গতকাল মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় ।
মেয়ের জন্মদিন উদযাপনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সঞ্জয় কাপুর। একটি ভিডিওতে দেখা যায়, বাবা সঞ্জয়কে পাশে নিয়ে মোমবাতি নেভাতে ব্যস্ত শানায়া।
যা-ই হোক, শানায়া কাপুরের প্রিয় বন্ধু অনন্যা পান্ডে এরই মধ্যে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পদার্পণ করেছেন। অন্যদিকে সহকারী পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে শানায়ার। গুঞ্জন সাক্সেনার জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘দ্য কারগিল গার্ল’ ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন তিনি। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।




