Uncategorized

কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে এক গৃহবধূকে হত্যার দায়ে আব্দুস সাত্তার (৫৬) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
আসামি আব্দুস সাত্তার তার দলবল নিয়ে ২০১০ সালের ৮ নভেম্বর সন্ধ্যায় শামসুল হকের জমিতে ধান কাটতে আসে। খবর পেয়ে শামসুল হক থানায় যান। এর মধ্যে তার স্ত্রী লাইলী তার জমিতে গেলে, আব্দুস সাত্তার লোহার শাবল দিয়ে কপালে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ভর্তির কিছুক্ষণ পরেই লাইলী বেগম মারা যান।
ওই দিনই রৌমারী থানায় শামসুল হক বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণে আব্দুস সাত্তারকে দোষী সাব্যস্ত করে ফাঁসি ও বাকিদের বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে অ্যাডভোকেট আমির উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button