slider

কুড়িগ্রামে টিসিবির পণ্য পাচ্ছে পৌনে দুই লাখ কার্ডধারী

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাচ্ছে প্রায় পৌনে দুই লাখ কার্ডধারী।
শনিবার (১৯ মার্চ) সকালে টিসিবির কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন- পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, কুড়িগ্রাম জেলায় ৪২ জন ডিলারের মাধ্যমে ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ২ লাখ ৭৭ হাজার ৮৮০ জন উপকারভোগীর কাছে দুই পর্যায়ে স্বল্পমূল্যে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিতরণে ৪৬০ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ছোলা বিতরণে ১০০ টাকাসহ মোট ৫৬০ টাকা গুণতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল রবিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভাসহ ২২টি পয়েন্টে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হবে। যারা পণ্য ক্রয়ে অনুপস্থিত থাকবে এবং আগ্রহী না হলে উপস্থিত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে প্যাকেজগুলো বিক্রয় করা হবে। বিতরণ কার্যক্রম পরবর্তী ১০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।
টিসিবির কার্যক্রম পরিচালনায় জেলা পর্যায়ে মনিটরিং কমিটি, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ট্যাগ টিম জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে উপকারভোগী নির্বাচন করেছে। এতে করোনাকালীন আর্থিক প্রণোদনাপ্রাপ্ত ব্যক্তি, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসা ৫৫ হাজার ব্যক্তি ও ভিজিএফপ্রাপ্ত ৪ লাখ ২৮ হাজার ব্যক্তিকে বিবেচনা করে এই তালিকা প্রণয়ন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button