কুষ্টিয়ায় এডিসি ও সাংবাদিকসহ ১৫ জন করোনা আক্রান্ত

মঙ্গলবার কুষ্টিয়া জেলায় আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৪ জন। এদের মধ্যে নবাগত এডিসিসহ জেলা প্রশাসনের তিনজনের করোনা পজেটিভ এসেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে প্রকাশিত করোনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়।
এদিকে জেলা প্রশাসক মো, আসলাম হোসেন বুধবার দ্বিতীয়বারের মতো করোনা টেস্ট করাবেন বলে জানা গেছে। এছাড়া প্রথমবারের মতো জেলায় একজন সাংবাদিকের পজিটিভ এসেছে। তিনি হলেন কালের কন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি তারিকুল হক তারিক।
মঙ্গলবার কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসি ল্যাবে সর্বোচ্চ সংখ্যক ৩৬০টি স্যাম্পলের টেস্ট করানো হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ করোনা টেস্টের ফলাফল প্রকাশ করা হয়।
জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে জানা যায়, কুষ্টিয়ায় ২০০ জন, চুয়াডাঙ্গায় ৬৬ জন, মেহেরপুর ৫২ জন ও ঝিনাইদহে ৪২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯ জন, মিরপুর উপজেলা ২ জন, খোকসায় ২ জন এবং কুমারখালীতে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সদর উপজেলার ৯ জনের মধ্যে রয়েছে কোর্টপাড়া, মজমপুর, কমলাপুর, খাজানগর ও জেলা প্রশাসনের তিনজন ব্যক্তি রয়েছেন। মিরপুর উপজেলার আক্রান্ত ২ জন পোড়াদহ এলাকার কুমারখালী উপজেলার আক্রান্ত ২ জনের একজন নন্দলালপুর আরেক জন পৌর এলাকার। খোকসা উপজেলার আক্রান্ত ২ জনের একজন জানিপুর অপরজন খোকসার।
কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্র জানা গেছে জেলা প্রশাসনের ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন নবাগত একজন অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের বাসভবনের বাবুর্চি ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বামী যিনি ব্যাংকার।
এদিকে জেলায় প্রথম সাংবাদিক হিসেবে কালেকন্ঠের স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি তারিকুল হক তারিক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেছিলেন। তারিক বর্তমানে কোর্টপড়ার গোশালা রোডের বাসায় অবস্থান করছেন। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন। করোনা আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের শারিরিক অবস্থার উন্নতি হয়েছে।




