কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কে এই মুজিব জাদরান

বিপিএলে আজ কুমিল্লার হয়ে মাঠে নেমেছেন আফগান ক্রিকেটার মুজিব জাদরান। কিন্তু হঠাৎ এই অখ্যাত তারকা বিপিএলে কেন? এমন প্রশ্ন অনেকেরই। কারণ এই তরুণ এখনো আফগানিস্তান জাতীয় দলেও খেলেননি। বয়স ১৭ বছরেও কম। তাহলে শুনে নিন- সদ্য সমাপ্ত অনুর্ধ-১৯ এশিয়াকাপে আফগানিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার মূল কারিগর এই তরুণ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত শহরে জন্ম নেয়া এই ক্রিকেটার হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভার বল করে মাত্র ১৩ রানে নিয়েছেন ৫ উইকেট।
সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে নিয়েছেন ২৮ রানে ৬ উইকেট। গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তনের বিপক্ষে পেয়েছিলেন ৬ উইকেট। সব মিলে পাঁচ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন মুজিব। (অবশ্য অফিশিয়াল পরিসংখ্যানে তার উইকেট সংখ্যা দেখানো হয়েছে ৩ ম্যাচে ১২টি। কারণ আরব আমিরাত ও নেপালের ওয়ানডে স্ট্যাটাস না থাকায় তাদের বিরুদ্ধে খেলা ম্যাচগুলো যুব ওয়ানডের স্বীকৃতি পায়নি। ওই দুটি ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন মুজিব।)
দারুণ সম্ভাবনাময়ী ও প্রতিভাধর এই আফগান বোলার গত সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো জাতীয়(যুব)দলে ডাক পান। প্রথম মিশনে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডেতে নিয়েছেন ১৭ উইকেট। যুব ক্রিকেটের দ্বিপক্ষীয় সিরিজে যেটি সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড। স্বাগতিক বাংলাদেশকে রীতিমতো নাস্তানুবাদ করেছেন তিনি। এসব সাফল্যের কারণেই নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নেয় তাকে।
কুমিল্লার কোচ সালাহউদ্দিন ইতিমধ্যেই তার মুগ্ধতার কথা জানিয়েছেন জাদরানের বিষয়ে।




