sliderস্থানিয়

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম সংবাদদাতা: ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ম্যানেজারকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংস্থা কার্যালয়ে এই পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের হয়ে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন অ্যাথলেট আদিলা আক্তার অনিকা, ইতি রানী ও রাব্বি ইসলাম। এর মধ্যে আদিলা আক্তার অনিকা দুটি ইভেন্টে রৌপ্য পদক, ইতি রানী উচ্চ লম্ফে (হাই জাম্প) রৌপ্য পদক এবং রাব্বি ইসলাম লং জাম্পে রৌপ্য পদক অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন।

খেলোয়াড়দের এই সাফল্যের নেপথ্য কারিগর দলীয় কোচ রেজাউল করিম রাজু এবং ম্যানেজার ওয়াজেদ আলী ঝিনুককেও অনুষ্ঠানে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

কৃতি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের সন্তানেরা জাতীয় পর্যায়ে যে গৌরব বয়ে এনেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই অ্যাথলেটরাই আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দেবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির।

এছাড়াও অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হুদা লাকু, নাজমুন নাহার বিউটি সহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলায় অ্যাথলেটিক্সের ধারা সচল রাখতে এবং নতুন প্রতিভা অন্বেষণে জেলা ক্রীড়া সংস্থাকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button