শিক্ষাশিরোনাম

কাশ্মীরিদের ‘বিশেষ মর্যাদা’ বাতিলের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ভারতীয় সংবিধানে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ দেওয়া ৩৭০ নম্বর ধারা বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এর প্রতিবাদে গতকাল সোমবার রাতে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
মিছিলে শিক্ষার্থীরা কাশ্মীরি জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা ‘কাশ্মীরের বীর জনতা, লও লও লও সালাম’, ‘কাশ্মীরের বীর জনতা, আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘কাশ্মীরে আমাদের ভাইবোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছে, এসবের শেষ চাই। আমরা চাই আজাদ কাশ্মীর। চাই স্বাধীনভাবে বেচে থাকার অধিকার।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘আমরা কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান চাই। এটা বিশ্বের সবচেয়ে দীর্ঘদিনের সমস্যা। কাশ্মীর নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। যখনই কোনো দেশের সমস্যা হয়, জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ করা যায়। কিন্তু কাশ্মীরে হামলা হয়, সেখানে জাতিসংঘ চুপ কেন?’
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায় ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।
মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button