
উত্তেজনার মধ্যেই কাশ্মির সীমান্তের কাছে সেনা সমাবেশ করেছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছে অন্তত এক ব্রিগেড সেনা সদস্য জমায়েত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, কাশ্মির সীমান্তের (লাইন অব কন্ট্রোল) বাঘ ও কোটলি সেক্টর ঘেঁষে প্রায় ২ হাজার পাক সেনা সদস্যের সমাবেশ দেখা গেছে। এই সেনা উপস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সেনাবাহিনী বলছে, একটি শান্তিপূর্ণ অবস্থান থেকে ওই সেনাদের সীমান্তে নিয়ে এসেছে পাকিস্তান সেনাবাহিনী। এই মুহূর্তে তারা নিয়ন্ত্রণ রেখার ৩০ কিলোমিটার এলাকায় অবস্থান করছে।
তবে সেনাবাহিনী বলছে, পাকিস্তান সেনাদের গতিবিধি বা অবস্থান আক্রমণাত্মক মনে হচ্ছে না। তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় বাহিনী।
সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী যে সেনা সদস্যদের নিয়ে এসেছে তাদের পরিমাণ প্রায় এক ব্রিগেডের মতো। এ সদস্যদের সংখ্যা ২ হাজারের বেশি হতে পারে।




