sliderস্থানিয়

কারামুক্ত হলেন জুলাই ‍যোদ্ধা সুরভী

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করার কয়েক ঘণ্টা পরই তা বাতিল করে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।

জেলার কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা চাঁদাবাজি মামলায় সোমবার সুরভীকে আদালতে হাজির করা হয়। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামি পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন দায়ের ও অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন।

আদালত পরিদর্শক মো. আব্দুল মান্নান জানান, সোমবার সন্ধ্যার পর পূর্ণ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক অমিত কুমার দে দুই দিনের রিমান্ড বাতিল করে সুরভীকে আগামী ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সুরভীকে ‘অপ্রাপ্তবয়স্ক’ দাবি করে এই রিমান্ড ও গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। জন্ম সনদ অনুযায়ী তার বয়স ১৭ বছর। আর মামলায় সুরভীর বয়স লেখা হয়েছে ২১ বছর।

সুরভীর আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল জানান, দুপুরে আদালতের দুই দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুইদিনের রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় আসামির চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন সমকালকে বলেন, আমি গাজীপুরে যোগদানের আগে দায়ের করা হয়েছে এ মামলা। তবে বিষয়টি সম্পর্কে আমি অবহিত আছি। নিশ্চিত করে বলতে পারি এ মামলায় কারো প্রতি অবিচার করার সুযোগ নেই।

পুলিশ জানায়, সুরভী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও টার্গেট করে করা লাইভের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গত বছরের ২৫ নভেম্বর রাতে দায়ের করা ওই মামলার বিবরণে জানা যায়, গত বছরের জুলাই-অগাস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়। ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং মীমাংসার কথা বলে বিপুল টাকা আদায় করে একটি চক্র। ওই চক্রের সঙ্গে সুরভী জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সুরভীর গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই প্রেক্ষিতে ওইদিন তাকে গ্রেপ্তার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button