রাজনীতিশিরোনাম

কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, বিএনপির উদ্দেশে নুর

বিএনপির উদ্দেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, রক্ত ঝরবে, মার খাবো রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়।
সোমবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভাইচ চেয়ারম্যান হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন, সিরিন আক্তার, ইশরাক হোসেন প্রমুখ।
মানববন্ধনে নুর বলেন, মুক্তিযোদ্ধার সন্তান মেজর (অব.) সিনহা হত্যা অনাকাঙ্ক্ষিত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যা। যারা অনাকাঙ্ক্ষিত বলছেন তারা এটার পক্ষে সাপাই গাইছেন। আজ সরকার একটা ঘটনা ঘটাবে এটাকে লুকাতে আবার অন্যটি সাজানো হবে। যখন কোনো সমস্যা আসবে তখনই মাঠে আসতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না, রক্ত ঝরবে, মার খাবো তবুও রাজপথ ছাড়বো না। ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়। পুলিশকে বোঝাতে হবে, সব পুলিশ অমানুষ না। ভালো মানুষ আছে অনেক সংখ্যক। আমাকে বার বার আক্রমণ করা হয়েছে, রক্ত ঝরানে হয়েছে তবুও রাজপথে আছি, থাকবো।
নুর বলেন, মহামারির মধ্যে স্বাস্থ্যখাতে বড় মহামারি চলছে। সর্বত্র অথর্ব লোক বসানো হয়েছে, তারা লুটপাট করছে। প্রশাসনে দলীয়করণ করে ভেঙে দেওয়া হয়েছে। এখন একটাই পথ খোলা আছে অথর্ব লোক হটিয়ে আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজ পর্যন্ত যতগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে-ক্রসফায়ারের কথা বলা হচ্ছে। এই ক্রসফায়ারে শুধু জীবন যাচ্ছে না। ক্রসফায়ারে সত্য নিহত হয়ে যাচ্ছে। সত্যকে মেরে ফেলা হচ্ছে। ক্রসফায়ারের এই কালচার বন্ধ করতে হবে। তদন্ত হোক, নিরপেক্ষতার মধ্যদিয়ে আমরা চাই। কাউকে বাঁচানোর জন্য নয়, কাউকে ফাঁসানোর জন্য নয়, এই নিরপেক্ষতার তদন্তের মধ্যদিয়ে একটি উদাহরণ সৃষ্টি হোক বাংলাদেশে যে ন্যায়বিচার হয়েছে। তাতে হয়তো তাদের আত্মা শান্তি পাবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, করোনাকালে আমাদের স্বাস্থ্যমন্ত্রী একেক দিন একেকটা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কয়েকদিন আগে তিনি বললেন, ‘করোনার ভ্যাকসিন আমাদের দেশে প্রয়োজন নেই, এমনিতেই কমে আসছে’। অথচ বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিস্তার কমছে না। তাই আমাদের এ ধরনের স্বাস্থ্যমন্ত্রীকে জাদুঘরে রাখা উচিত।
মাহমুদুর রহমান মান্না সরকারে প্রতি প্রশ্ন রেখে বলেন, আদালতে রিট হয়, এরপরও ওসি প্রদীপরা গোল্ড মেডেল পায় কার ইশারায়? কীভাবে শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়। কারা জড়িত প্রকাশ করুন। গুম হওয়া ব্যক্তিদের তালিকা করা হোক। সুষ্ঠু তদন্ত করা হোক কারা এগুলোর সঙ্গে জড়িত। কী চায় তারা।
তিনি বলেন, দিনে দিনে অনেক দেনা হয়েছে। তাই প্রদীপের গোমর ফাঁস হয়েছে। এরা একদিনে হয়নি। তাদের সঙ্গে আরও ব্যক্তি জড়িত। তাদের তালিকা প্রকাশ করুন। আদালতে রিট থাকা সত্ত্বেও প্রদীপ ওসি হিসেবে থাকেন। আর একের পর এক হত্যাকাণ্ড ঘটান। পুলিশ বাহিনীতে প্রদীপ বাহিনী আছে। আমি কোনো বাহিনী বাতিলের পক্ষে না। তবে এসব বাহিনীরর মধ্যে অপকর্মকারীদের নেপথ্যে যারা আছেন, তাদের তালিকাও হওয়া উচিত।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বিএনপির বৈদেশিক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, যাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, তাদের সাথে পশুর মতো আচরণ করে তাদের হত্যা করছেন। এটি বন্ধ করেন। তা না হলে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না, ইতিহাস আপনাদের কখনও ক্ষমা করবে না। অবশ্যই একদিন আপনাদের বিচার হবে।
তিনি বলেন, আমরা এই প্রেসক্লাবের সামনে গণআদালত বসাবো। জনগণ হবে এর বিচারক, জনগণের সামনে এই খুনি ওসি প্রদীপসহ যারা বিচারবহির্ভূত হত্যা করেছেন, সকলের তালিকা আমাদের কাছে আছে। তাদের সকলকে আমরা বিচার করব। এটাই হলো শেষ কথা, কাউকে ক্ষমা করা হবে না।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button