
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুর-৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী-এর সাথে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী বলেন, সাংবাদিকদের দল-মতের ঊর্ধ্বে উঠে সত্য, ন্যায় ও নির্ভীকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি কাপাসিয়ার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূরুল আমিন সিকদার, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



