কানাডার জাতীয় নির্বাচনে ১২ মুসলিমের অভূতপূর্ব জয়

কানাডার ৪৩তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২১ অক্টোবর। নির্বাচনে ১৫৬ আসন পেয়ে জযী হয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। ফলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার সুযোগ পেলেন তিনি।
এই নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল লিবারেল পার্টি ও কনজারভেটিভ পার্টি থেকে জয় পেয়েছেন ১২ জন মুসলিম প্রার্থী। এই বিজয় অভূতপূর্ব। বিজয়ীদের মধ্যে রয়েছেন চারজন নারীও।
জয় পাওয়া ১২ জনের মধ্যে ১১ জন ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে ও একজন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।
কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম বিজয়ী প্রার্থীদের এই সংখ্যা অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি। বিশ্লেষকদের দাবি, মুসলিম প্রার্থীদের এই অগ্রগতি কানাডিয়ান রাজনীতিতে ‘দৃষ্টিভঙ্গি’র পরিবর্তন এবং জাতীয় রাজনীতিতে মুসলিমদের জায়গা করে নেওয়ার প্রতি ইঙ্গিতবহ।
বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওমর আল-গাবরা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি মিসিয়াগু সেন্টারে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করেন। মিসিয়াগুর পার্শ্ববর্তী ইরিন মাইলস থেকে লিবারেল পার্টির পক্ষে দ্বিতীয়বারের মতো বিজয় ছিনিয়ে এনেছেন ইকরা খালিদ। তার মাধ্যমেই এই আসনে প্রথমবারের মতো জয় পেল লিবারেলরা। আগে তিনি অন্য আসনে নির্বাচন করেন।
একইভাবে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অটোয়ার অ্যাডমন্টন ম্যানিং সেন্টারে জিয়াদ আবদুল তায়েফ, স্কারবো সেন্টারে সালমা ও অন্টারিয়ো রাইডিংয়ের আহমাদ হোসাইন। বর্তমান সরকারের অভিভাসনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আহমদ হোসাইন।
বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে আরও আছেন, আলী ইহসাসি, মাজিদ জাওহারি, ইয়াসমিন রাতানসি, সামির জুবাইরি, মারওয়ান তাবরানা, মারিয়াম মুনসেফ ও আরিফ ভিনারি। জায়েদ আবদুল তায়েফ কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত একমাত্র মুসলিম এমপি।




