
রতন রায়হান, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে জ্যাঠাতো ভাই মাসুদার রহমান (৪৫) খুন হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাসুদার রহমান ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
নিহতের ছোট ভাই মামুনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বাড়ির ভিটার ৮ শতক জমি নিয়ে তাদের সঙ্গে চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে আসেন প্রতিবেশী আব্দুল লতিফ ও তার লোকজন। মাসুদার রহমান এতে বাধাঁ দিলে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম উত্তেজিত হয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদারের ঘাড়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তদের ধরতে একাধিক দল অভিযান চালাচ্ছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।



