অর্থনৈতিক সংবাদশিরোনাম

করোনা পরিস্থিতি : বিমানকে ১ হাজার কোটি টাকা ঋণ দিলো সোনালী ব্যাংক

নভেল করোনা মহামারির ভয়াবহ প্রকোপে গোটা বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে এসেছে। এই স্থবিরতা কাটিয়ে উঠতে প্রণোদনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এক হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড।
ব্যাংকটির জেনারেল ম্যানেজার ও চিফ ইনফরমেশন অফিসার জাকির হোসেন খান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মূলধন হিসেবে সোনালী ব্যাংক এ ঋণ মঞ্জুর করেছে।
জাকির হোসেন খান আরো জানান, করোনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে হঠাৎ নেমে আসা স্থবিরতা বা ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন খাতে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা বাস্তবায়নে বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই ক্রান্তিকালে চরম ঝুঁকির মধ্যেও সোনালী ব্যাংকের দেশব্যাপী ১ হাজার ২২২টি শাখার মাধ্যমে জরুরি ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনার প্যাকেজ বাস্তবায়নে সোনালী ব্যাংক এই সংকটকালেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা প্রতিকূল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। যুগান্তকারী বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতোমধ্যে গৃহীত হয়েছে।
বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button