করোনা থেকে বাঁচতে ভীষণ সতর্ক জুলিয়া রবার্টস
কভিড-নাইনটিন থেকে বাঁচতে প্রোটেকটিভ গিয়ার ব্যবহার করছেন অস্কারজয়ী হলিউড তারকা জুলিয়া রবার্টস। তাকে এভাবেই দেখা গেল ক্যালিফোর্নিয়ার রাস্তায়।
শুক্রবার লস অ্যাঞ্জেলসের একটি শপিং মল থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হন ৫২ বছর বয়সী অভিনেত্রী। এই সময় তিনি কালো ফেস মাস্ক, ডার্ক সানগ্লাস, গ্লোভস ও নেভি ব্লু বম্বার জ্যাকেট পরেছিলেন। আর ঠেলে নিয়ে যাচ্ছিলেন বাজারভর্তি একটি ট্রলি।
গত মাসে লস অ্যাঞ্জেলসের খাবার কেনার সময় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হাতে দেখা যায় অভিনেতা শন পেনকে। এরপর প্রথম সারির তারকাদের মধ্যে জুলিয়া রবার্টসকে দেখা গেল সতর্ক হয়ে চলতে।
কিছুদিন আগে করোনা থেকে সেরে উঠা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসনকে দেখা যায় লস অ্যাঞ্জেলসের রাস্তায়। গাড়িতে চালকের আসনে ছিলেন অস্কারজয়ী অভিনেতা। তবে তারা মাস্ক ব্যবহার করেননি সেদিন।
শুক্রবার আমেরিকার স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে রাস্তায় চলাচলের সময় নন-মেডিকেল কাপড়ের ফেস মাস্ক পরতে পরামর্শ দেন। এন৯৫ মাস্ক শুধু স্বাস্থ্যকর্মীদের জন্য বলে জানান তারা।
এ দিকে শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ৭২ হাজার ৫০২ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে এই সংক্রমণে দেশটির মারা গেছে ৭ হাজার ৪৬ জন। এ ছাড়া সারা বিশ্বের আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ১৬৬ জন, মারা গেছেন ৫৫ হাজার ৯২ জন।
পিপল ডটকম।



