ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বোর্ড গঠনের ঘোষণা করেছেন। আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে তিনি এসংক্রান্ত ঘোষণা করেন।
মমতা বলেন, আমরা ‘গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গল’ তৈরি করছি। এই বোর্ডে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও অন্যরা। আরও কিছু ব্যক্তিকে এরসঙ্গে যুক্ত করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বলেন, “আগে নোটবন্দি হয়েছিল, এখন করোনায় ঘরবন্দি অবস্থা। এখন তো ব্যবসা চলছে না, আয় হচ্ছে না, মানুষ কষ্টের মধ্যে রয়েছে। সেই অবস্থায় নতুন দিশা কীভাবে পেতে পারি, কীভাবে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে, কবে রোগ উধাও হবে জানি না, সবটাই অনিশ্চিত। দুর্যোগ আসে যখন, আগামীদিনের পরিকল্পনা করে রাখতে হয়। আমরাই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যতের দিশা দেখানোর জন্য, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে, সবকিছু নিয়ে ‘গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গল’ তৈরি করছি। লকডাউন উঠলে কী করণীয়, পরামর্শ দেবে এই বোর্ড।”
মমতা আরও বলেন, “আমরা চাই এই কমিটিতে যাতে ভালো ভালো মানুষ থাকুন। যাঁদের বিদ্যা-বুদ্ধি-মেধা রয়েছে এমন কিছু মানুষকে এই কমিটিতে রাখতে চাই। এই কমিটি মুখ্যমন্ত্রীকে সাহায্য করবেন, পরামর্শ দেবেন। এখন ৪/৫ জনকে রাখা হয়েছে।”
মুখ্যমন্ত্রী আজ ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু রাজনৈতিক দলের ‘আইটি সেল’ স্বাস্থ্যভবনের বুলেটিন বলে অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।” ফেক নিউজ বন্ধে কড়া ব্যবস্থা নিচ্ছি, পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
পার্সটুডে




