করোনায় রাজ পরিবারে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে প্রথম কোনো রাজ পরিবারের সদস্যের মৃত্যু হলো। ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৭ মার্চ) মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন।
প্রিন্স সিক্সটাস হেনরি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।
প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখিও করতেন।
মারিয়ারা ছয় ভাইবোন, চারজন জীবিত আছেন- ফ্রাঙ্কোইস, সিসিলি, মারি দেস নেইগেস ও প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া ছিলেন চিরকুমারী।
এদিকে মহামারি এ ভাইরাসটি ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৪ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ২৭ হাজার।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।
এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।




