করোনায় কৃষি খাত খোলা রাখবে দক্ষিণ আফ্রিকা

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে নানা বিধি নিষেধ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন অবস্থায় এবার দেশটির কৃষি খাতকে পুনারয় উন্মুক্ত করার অনুমতি দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। অর্থনীতির চাকা সচল করতে কৃষি খাত পুনরায় খুলে দেওয়ার এমন পরিকল্পনা করেছে দেশটি।
শনিবার দক্ষিণ আফ্রিকার বাণিজ্যমন্ত্রী ইব্রাহিম প্যাটেলের বরাত দিয়ে আল জাজিরা জানায়, কৃষি এবং অন্যান্য উৎপাদনশীল খাত ও খুচরা বিক্রির দোকানপাট খোলার অনুমতি দিচ্ছে দক্ষিণ আফ্রিকার সরকার।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় এক মাস ধরে দেশটিতে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার অনুমতি নেই মানুষের। ফলে দেশটিতে কোটি কোটি মানুষ গৃহবন্দি অবস্থায় সময় পার করছেন। দেশজুড়ে এমন কড়াকড়িতে অনেকের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। হাজার হাজার নিম্নবিত্ত শ্রেণির মানুষের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছেন তারা।
দক্ষিণ আফ্রিকা সরকার শুক্রবার থেকে দেশটিতে চতুর্থ স্তরের লকডাউনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যমন্ত্রী ইব্রাহিম প্যাটেল বলেছেন, কৃষি, বনজ এবং মৎস শিল্পের মতো কিছু খাত পুনরায় খুলে দেয়া হবে। এর মধ্যে গবাদি পশু ও অন্যান্য প্রাণী পরিবহন, বিক্রি ও চাষাবাদও অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হিসাবে ৪ হাজার ২২০ জনকে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন অন্তত ৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন অন্ত এক হাজার ৪৭৩ করোনা রোগী। আল জাজিরা।




