
ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
রবিবার সন্ধ্যা ৬টার পর তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে মুনতাসির মামুন নিজেই দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
তিনি বলেন, এর আগে পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে। তবে তিনি কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন। এ জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশ রূপান্তরকে মুনতাসীর মামুন আরো বলেন, তিনি শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার করোনা হয়নি। অসুস্থতার জন্য তিনি বেশি কথা বলতে পারছেন না।
মুগদা জেনারেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহবুব কচি রাতে দেশ রূপান্তরকে বলেন, অধ্যাপক মুনতাসির মামুনকে কেবিনে ভর্তি করা হয়েছে। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে। আগামীকাল (সোমবার) তার নমুনা পরীক্ষা করা হবে।
এ চিকিৎসক জানান, মুনতাসির মামুন আগে একবার করোনা পরীক্ষা করিয়েছেন। তার নেগেটিভ এসেছে। কিন্তু যেহেতু তার শরীরে উপসর্গ রয়েছে, তাই আমরা কাল (সোমবার) আবার তার নমুনা পরীক্ষা করব। দেশ রূপান্তর




