sliderবিবিধশিরোনাম

কথাসাহিত্যিক দিলারা হাশেম আর নেই

বাংলা একাডেমির ফেলো, সাংবাদিক ও কথাসাহিত্যিক দিলারা হাশেম আর নেই। শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।
মৃত্যুকালে দিলারা হাশেমের বয়স হয়েছিল ৮৬। বাংলা একাডেমি দিলারা হাশেমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করেছে আন্তরিক সমবেদনা।
ভয়েস অব আমেরিকা-এর বাংলা বিভাগে কর্মকালে তিনি বাংলা সাহিত্য এবং বাঙালি সংস্কৃতির আন্তর্জাতিকায়নেও প্রাগ্রসর ভূমিকা রেখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
দিলারা হাশেম ১৯৩৬ সালের ২১ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি তদানীন্তন রেডিও পাকিস্তান করাচি থেকে দীর্ঘদিন নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন। পরে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেছেন। এরপর ১৯৭৬ সাল থেকে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে কাজ করে ২০১১ সালে অবসর নেন।
দিলারা হাশেমের রচিত উল্লেখযেগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- ঘর মন জানালা (১৯৬৫), একদা এবং অনন্ত (১৯৭৫), স্তব্ধতার কানে কানে (১৯৭৭), আমলকির মৌ (১৯৭৮), বাদামী বিকেলের গল্প (১৯৮৩), কাকতালীয় (১৯৮৫), মুরাল (১৯৮৬), শঙ্খ করাত (১৯৯৫), অনুক্ত পদাবলি (১৯৯৮) ও সদর অন্দর (১৯৯৮)। উপন্যাস ছাড়াও তিনি অনেকগুলে গল্পগ্রন্থ রচনা করেছেন।
দিলারা হাশেম সাহিত্যকর্মে বিভিন্ন সময় নানান পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে- বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৬), শঙ্খচিল সাহিত্য পুরস্কার (১৯৯৪), উত্তর শিকাগো ‘কালচারাল অ্যান্ড লিটারারি ইঙ্ক’ সাহিত্য পুরস্কার (১৯৯৭), অলক্ত পুরস্কার (২০০৪) ও মুক্তধারা জিএফবি সাহিত্য পুরস্কার (২০১৯)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button