কটিয়াদীতে অপহৃত শিশু শিক্ষার্থীকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অক্ষত অবস্থায় উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৭ আগস্ট মঙ্গলবার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়ায় হোলি ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের শিশুশিক্ষার্থী সাইফা আক্তার সারা (৭)প্রতিদিনের মতো ক্লাস শেষ করে এবং প্রাইভেট পড়ে অন্যান্য শিক্ষার্থীদের সাথে বাড়িতে যাওয়ার পথে স্কুল সংলগ্ন এলাকা থেকে মামা পরিচয়ে একই গ্রামের জনৈক মোবারক হোসেন(২৪) পিতা সাত্তার মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটি যথাসময়ে বাড়িতে না যাওয়ায় তার আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে স্কুলের সন্নিকটে প্রায় একশত গজ দূরত্বে সিসিটিভি ফুটেজ চেক করে এক ব্যক্তিকে মেয়েটিকে নিয়ে যেতে দেখা যায়। এলাকাবাসী সিসিটিভির ফুটেজে দেখা ব্যক্তি টিকে চিনতে পারে এবং তার নাম মোবারক হোসেন। পরবর্তী সময়ে শিশু শিক্ষার্থীর আত্মীয়-স্বজন বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ১। মোবারক হোসেন (২৪)পিতা সাত্তার গ্রাম চরঝাকালিয়া,থানা কটিয়াদী (২) আশিক মিয়া (১৯)পিতা আলম মিয়া,গ্রাম-আগরপুর, থানা-বাজিতপুর আরো অজ্ঞাত দুজনের বিরুদ্ধে একটি অপহরণের মামলা দায়ের করে। তারই ধারাবাহিকতায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী মোবারক হোসেনের অবস্থান সনাক্ত করে কিশোরগঞ্জ জেলা শহরের জাহাঙ্গীরের মোড় সংলগ্ন আবাসিক আফতাব হোটেল থেকে অক্ষত অবস্থায় অপহৃত মেয়েটিকে উদ্ধার করে। কিন্তু অপহরণকারী মোবারক হোসেন পালিয়ে যায়। হোটেলের কাউন্টারে থাকা লোকজন বলেন, শিশুটি নাকি তার নাতনি হয় এবং তার মা-বাবা দুর্ঘটনায় আহত হয়ে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন । মোবারক ঘটনা আচ করতে পেরে রাত আনুমানিক ১২ টায় মেয়েটির কথিত বাবা মাকে হাসপাতালে খাবার দেওয়ার কথা বলে তাকে কাউন্টারে বসিয়ে বেরিয়ে যায়। এরই মধ্যে সেনাবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ কামালের নেতৃত্বে একটি সেনা টিম ও কটিয়াদী মডেল থানার এস আই কামালের নেতৃত্বে একদল পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।
মেয়েটির পিতা সেনাবাহিনী ও পুলিশ বাহিনী যৌথ কমান্ডকে তার মেয়েটিকে উদ্ধারের জন্য মোবারকবাদ জানান। এদিকে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোলাম সারোয়ার বলেন, মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট দেওয়া হয়েছে। এবং শিশুটির পরিবার এ ব্যাপারে একটি মামলা করেছে যার তদন্ত এখনও চলছে এবং তদন্ত সাপেক্ষেই ব্যবস্থা নেওয়া হবে।



