বিনোদন

কঙ্গনার পাশে সিমি, ছাড় দিলেন না তাপসী-স্বরা

বলিউডের স্বজনপোষণ নিয়ে টেলিভিশন সাক্ষাৎকারে আরও একবার কামান দেগেছেন কঙ্গনা রনৌত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আরজি জানান তিনি। তবে সেই সাক্ষাৎকারের প্রাসঙ্গিকতা নিয়ে যতই জলঘোলা হোক, প্রবীণ অভিনেত্রী ও টিভি সঞ্চালক সিমি গারেওয়াল খুবই উদ্বুদ্ধ হয়েছেন।
আনন্দবাজার পত্রিকা জানায়, পরপর কয়েকটি টুইটে কঙ্গনার সাহস ও স্পষ্টভাবে কথা বলাকে কুর্নিশ জানিয়েছেন সিমি।
তিনি লেখেন, ‘‘কঙ্গনার মতো সাহস আমার ছিল না। ইন্ডাস্ট্রির এক প্রভাবশালী ব্যক্তি আমার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি চুপ করে ছিলাম, কিছু বলতে পারিনি।’’ আরও লেখেন, ‘সুশান্তকে কী যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভেবে কষ্ট হচ্ছে। আমেরিকায় জর্জ ফ্লয়েডের মৃত্যু একটা পরিবর্তনের ডাক দিয়েছে। তেমন সুশান্তের মৃত্যুও বলিউডের বোধোদয়ের অনুঘটক হোক।’’
এ দিকে কঙ্গনার অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন তাপসী পান্নু ও স্বরা ভাস্কর। ওই সাক্ষাৎকারেই দুই নায়িকাকে ‘বি গ্রেড’ অভিনেত্রী বলেন কঙ্গনা। “… এই বি গ্রেড অভিনেত্রীরা কেন করণ জোহরের সঙ্গে কাজ করতে চায় জানি না,” মন্তব্য কঙ্গনার। তার জবাব দিতে সময় নেননি তাপসী। “ক্লাস ইলেভেন-টুয়েলভের পরীক্ষার পরে শুনছি আমারও রেজাল্ট বেরিয়েছে। আমাদের এখানে কি গ্রেড সিস্টেমে ফল প্রকাশিত হয়? এত দিন তো নম্বর দেওয়া হত বলেই জানতাম,” এভাবে নিজস্ব ভঙ্গিতে পাল্টা জবাব দিলেন তিনি। আর স্বরা ভাস্কর বলেন, ‘‘আলিয়া ভাট, অনন্যা পাণ্ডের চেয়ে আমাদের বেশি ভালো অভিনেতা বলেছ, তার জন্য ধন্যবাদ কঙ্গনা! বিষয়টাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button