খেলা

ঐতিহাসিক টেস্টে লজ্জাজনক হার উইন্ডিজের

ঐতিহাসিক টেস্টে লজ্জার নতুন ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় তিন দিনেই হারল ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত প্রথম গোলাপি বলের ডে-নাইট টেস্টে। শনিবার এজবাস্টনে ম্যাচের তৃতীয় দিনে ক্যারিবীয় ব্যাটসম্যানদের নিয়ে স্রেফ ছেলেখেলা করেন ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তাদের বোলিং তাণ্ডবেই তিন সেশনে ১৯ উইকেট পতনে সফরের প্রথম টেস্টে ইনিংস ও ২০৯ রানের লজ্জাজনক পরাজয় হজমে বাধ্য হয় ওয়েস্ট ইন্ডিজ।
এজবাস্টন টেস্টের একতরফা জয়ে ৩ ম্যাচের সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। ব্যাট হাতে কুক-রুটের চমৎকার নৈপুণ্য বৃষ্টিবিঘ্নিত টেস্টের সূচনাতেই ইংলিশরা নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নেয়। তৃতীয় দিনের শুরু থেকে খোলস ছেড়ে বেরিয়ে আসেন দলটির বোলাররাও। তাদেরকে উইকেট শিকারের আকাঙ্খা বাস্তবায়নের মিশন সহজ করে দেয় ক্যারিবীয় ব্যাটসম্যানদের বেশি বেশি শট খেলার প্রবণতা। ফ্ল্যাড লাইটের আলোয় স্রেফ উইকেটে আসা-যাওয়া করেন সফরকারী ব্যাটিং ইউনিটের সদস্যরা।
৭৬ দশমিক ৪ ওভারে ২৬১ রানেই পতন হয় দলটির ১৯ উইকেটের। এক দিনেই তারা দু’বার অলআউটে বাধ্য হয়েছে ইংলিশ বোলিং তোপের মুখে।
প্রথম ইনিংসে ১৬৮ রানে অলআউট সফরকারীরা দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৭ রানে। অ্যান্ডারসন ও ব্রড উভয় ইনিংস মিলিয়ে ৫টি করে উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডের জয়ে অবদান রাখার পাশাপাশি টেস্ট ক্যারিয়ার নতুন উচ্চতায় নিয়ে গেছেন ব্রড। টপকে গেছেন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের দুইয়ে থাকা কিংবদন্তি ইয়ন বোথামকে। ৩৮৪ উইকেট শিকারি ব্রডের সামনে এখন শুধুই এন্ডারসন। ইংল্যান্ডের বোলারদের দাপটে দুই ইনিংসেই কোণঠাসা ক্যারিবীয়দের পক্ষে কিছুটা দৃঢ়তা দেখান জারমেইন ব্ল্যাকউড। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৯ রান করেন ব্ল্যাকউড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button