এরদোগান ক্ষমা চেয়েছেন-পুতিন

গত বছরের শেষদিকে সিরিয়া-তুরস্ক সীমান্তে একটি রুশ যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল তুরস্ক। এই ঘটনায় দুই দেশের সম্পর্কে বেশ অবনতি ঘটে। তবে কয়েকদিন আগে মস্কো জানায়, বিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন এরদোগান। এর ঠিক পরের দিন তুরস্ক জানায়, রাশিয়া নয় বরং ওই পাইলটের পরিবারের কাছে ‘দু:খ প্রকাশ’ করেছেন এরদোগান। এই জলঘোলা অবস্থাতেই এবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরদোগানের ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করলেন।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় মস্কোর কাছে ক্ষমা চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।’ শুক্রবার রাশিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করার সময় এরদোগানের ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পুতিন।
এদিকে তুরস্ক তাদের সর্বশেষ বক্তব্যে বলছে, ‘প্রেসিডেন্ট এরদোগান ক্ষমা চান নি। তিনি শুধুমাত্র ‘দু:খ প্রকাশ’ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট এরদোগান ওই বিমানের পাইলটের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে ক্রেমলিন জানায়, ‘প্রেসিডেন্ট পুতিন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে রুশ বোমারু বিমান ভূপাতিত করার জন্য এরদোগান রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করে তুরস্ক। এরপর তুরস্কের ওপর কয়েকদফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। তবে এরদোগানের ক্ষমা চাওয়ার পর পুতিন দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়টিতে জোর দিচ্ছেন। ইতোমধ্যে রাশিয়ান নাগরিকদের তুরস্ক ভ্রমনে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল সেটা তুলে নেয়া হয়েছে।




