কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।
শনিবার (২১ মার্চ) সকালে ধানমন্ডি বালক উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।
হাজারীবাগ বালক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির দুই এজেন্টকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আটকে রেখেছে বলে রবিউল আলম অভিযোগ করেন।
ঢাকা-১০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। ভোটকেন্দ্র ১১৭টি ও ভোট কক্ষের সংখ্যা ৭৭৬টি। এই আসনের নির্বাচনী এলাকা হচ্ছে ধানমন্ডি ও লালবাগ থানা। ওয়ার্ড হচ্ছে- ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর।
এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আব্দুর রহিম।
আজ সকাল ৯টায় ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।



