এগার বছর পর লেগ স্পিনারদের পতাকা উড়ালেন ইয়াসির শাহ

ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসনকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর বোলারের স্থানটি দখল করলেন পাকিস্তানী লেগ স্পিনার ইয়াসির শাহ।
২০০৫ সালে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের পর প্রথম লেগ স্পিনার হিসেবে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করলেন শাহ। এ ছাড়া ১৯৯৬ সালের ডিসেম্বরে মুশতাক আহমেদের পর এ কৃতিত্ব অর্জন করা পাকিস্তানের প্রথম ক্রিকেটারও শাহ।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭৫ রানে জয় পাওয়া ম্যাচে পাকিস্তানের হয়ে ১৪১ রানে ১০ উইকেট শিকারের ফল হিসেবে র্যাংকিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত করেন শাহ। কাঁধে ইনজুরির কারণে এ ম্যাচ খেলেননি ইংল্যান্ডের এন্ডারসন।
এ পর্যন্ত ১৩ টেস্টে ৮৬ উইকেট শিকার করলেন শাহ। এমনকি টেস্টে দ্রুত ১০০ উইকেট শিকারের ১২০ বছরের রেকর্ড ভাঙ্গার হাতছানিও রয়েছে তার সামনে। । ইংল্যান্ড বোলার জর্জ লোহমান সবচেয়ে কম ১৬ টেস্টে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। ১৮৯৬ সালে এ রেকর্ড গড়েছিলেন লোহমান।
ইংল্যান্ড টেস্টের আগে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে ছিলেন শাহ। কিন্তু ম্যাচের দ্বিতীয় ও চতুর্থ দিনের নৈপুণ্যে তিন ধাপ এগিয়ে শীর্ষ স্থান নিশ্চিত করেন।
প্রথম ইনিংসে ৭২ রানে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় দিনে ৬৯ রানে ৪ উইকেট শিকারের ফলে লর্ডসে এক ম্যাচে ১০ উইকেট শিকার করেন শাহ।
লর্ডস টেস্টই ছিল উপমহাদেশের বাইরে শাহর প্রথম ম্যাচ। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সেরা বোলিং ফিগারও।
র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছেন আরেক স্পিনার ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে ইংল্যান্ডের ক্রিস ওকসেরও। এ ম্যাচে ১০২ রানে ১১ উইকেট শিকার করে র্যাংকিংয়ের ৩৬তম স্থান থেকে ২৮ নম্বরে উঠে এসেছেন তিনি।
আইসিসি টেস্ট র্যাংকিং (বোলার) :
১. ইয়াসির শাহ, ২. রবীচন্দ্রন অশ্বিন, ৩. জেমস এন্ডারসন, ৪. স্টুয়ার্ট ব্রড, ৫. ডেল স্টেইন, ৬. রবীন্দ্র জাদেজা, ৭. ট্রেন্ট বোল্ট, ৮. জশ হ্যাজেলউড, ৯. মরনে মরকেল, ১০. ভারনন ফিল্ডান্ডার।




