ব্যাট হাতে তামিম-মুশফিককে পেছনে ফেললেন মাশরাফি

টি-২০ তে চার-ছক্কার ফুলঝুরিতে স্ট্রাইক রেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলমান বিপিএলে স্থানীয় ব্যাটসম্যানদের মাঝে রান সংগ্রহের তালিকায় সবার উপরে আছেন জাকির হোসেন ও মাশরাফি বিন মর্তুজা।
দেশী ব্যাটসম্যানদের মধ্যে কমপক্ষে ১০০ রান করা ব্যাটসম্যানদের তালিকায় স্ট্রাইক রেটে সবার ওপরে আছেন রাজশাহী কিংসের জাকির হাসান। তামিম, সৌম্য, এনামুল ও সাব্বিরদের মতো মারকুটে ব্যাটসম্যানদের পেছনে ফেলে বাঁ হাতি এই ব্যাটসম্যান ৭ ম্যাচে ১৫৪.৬৩ স্ট্রাইক রেটে ১৫০ রান করেন। ১৭ চার ও ৬ ছক্কায় ১৫০ রান করেই বলপ্রতি রান তোলার গড়ে সব স্থানীয় ব্যাটসম্যানকে পেছনে ফেলেন জাকির।
তার পরই আছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। মূলত বোলার হলেও বিপিএলের এবারের আসরে ব্যাট হাতেও বেশ মারকুটে ইনিংস খেলেন তিনি। নিয়মিত ব্যাটিংয়ের চমক দেখিয়ে দলের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি স্ট্রাইক রেটেও অনেককে ছাড়িয়ে যান রংপুর অধিনায়ক। মাশরাফি ১১ ম্যাচে ১৩১ রান করেন ১৫২.৩২ স্ট্রাইক রেটে। সর্বোচ্চ ১৭ বলে ৪২ রানের ইনিংসটি খেলেন চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। ১০ চার ও ৭ ছক্কায় বেশ স্ট্রাইক রেটে এগিয়ে যান মাশরাফি।
নড়াইল এক্সপ্রেসের পরই আছেন খুলনার ব্যাটসম্যান আরিফুল হক। ১০ ম্যাচে ১৩৬.২২ স্ট্রাইক রেটে ১৭৩ রান করেন আরিফ। আট চারের পাশাপাশি নয়টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।
চার ও পাঁচে রয়েছেন দুই অভিজ্ঞ টাইগার ব্যাটসম্যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ৭ ম্যাচে ২০৭ রান করে ১৩৪.৭০ স্ট্রাইক রেট নিয়ে চারে আছেন। ১২৯.৭৭ স্ট্রাইক রেট নিয়ে পাঁচ নম্বরে আছেন রাজশাহী কিংস ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ১১ ম্যাচে ১৭০ রান করেন এই টেস্ট অধিনায়ক।



