খেলা

এখন ‘ছক্কার রাজা’ রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৬৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন রোহিত শর্মা। এই ইনিংসটি খেলতে তিনটি ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার। আর এতেই দারুণ একটি রেকর্ড গড়েছেন তিনি। ক্রিস গেইলকে টপকে টি-টোয়েন্টিতে ‘ছক্কার রাজা’ হয়ে গেলেন রোহিত শর্মা।
গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্রিস গেইলকে টপকে রেকর্ড গড়লেন রোহিত শর্মা। তিনটি ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়াল ১০৭।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে দুটি ছক্কা মেরে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে (১০৩) টপকে যান রোহিত। ক্রিস গেইলের ছক্কার সংখ্যা ১০৫টি।
ম্যাচের ১১তম ওভারে সুনীল নারিনরকে ডিপ মিডউইকেটে ছক্কা মেরে গেইলকে টপকে যান রোহিত শর্মা। কেরিয়ারের ৯৬তম ম্যাচে এই রেকর্ড গড়লেন রোহিত।
এদিকে বৃষ্টি আইনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ২২ রানে হারিয়েছেন কোহলিরা। তাই তিন ম্যাচের এই সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জয় পেয়েছে ভারত।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত।
ওপেনার রোহিত শর্মা ৬৭, বিরাট কোহলি ২৮, শিখর ধাওয়ান ২৩ ও ক্রনাল পান্ডিয়া অপরাজিত ২০ রান করেন।
জবাব দিতে নেমে ১৫.৩ ওভারে চার উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৯৮ রান করলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষে ওয়েস্ট ইন্ডিজের সামনে ডাকওয়ার্থ/লুইস (ডি/এল) পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২১ রান। ফলে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পাওয়েল ৫৪ রান করেন।
ভারতের পক্ষে বল হাতে দুই উইকেট নেন ক্রনাল। ম্যাচসেরার পুরস্কার পান তিনি।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছিল ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button