আফ্রিদিই ধসিয়ে দিলেন রাজশাহীকে

চার ওভারে রাজশাহীকে ধসিয়ে দিলেন শহিদ আফ্রিদি। ২৬ রান খরচ করে তুলে নিলেন চারটি উইকেট। এর ফলে ৬৮ রানে সহজ জয় পেলো সাকিবরা।
আফ্রিদির বোলিং তাণ্ডবের শিকার হয়েছেন মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।
রনি শিকার করেছেন তিনটি উইকেট। আর দুটি নিয়েছেন সাকিব আল হাসান। একটি সাদ্দাম হোসেন।
ছয় ম্যাচের চারটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা।
দুপুরে টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায় রাজশাহী কিংস। সে সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা পরে বুঝতে পারে স্যামিরা।
ব্যাট করতে নেমেই তাণ্ডব চালায় ঢাকার ব্যাটসম্যানরা। ফলে নির্ধারতি ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান।
চার-ছক্কার ঝড় তুলল ঢাকা
মিরপুরে আজ আসল টি-২০ ম্যাচ দেখিয়েছে ঢাকা ডায়নামাইটস। একের পর এক বাউন্ডারি আর ছক্কা হাঁকিয়েছে ধুম-ধারাক্কা ম্যাচের স্বাদ দিয়েছে সাকিবরা। মোট ২০১ রানের মধ্যে অর্ধেকের বেশি ছিল চার-ছক্কায়।
শুরুটা করেছেন উদ্বোধনী জুটি এভিন লুইস ও শহিদ আফ্রিদি। ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী ছিলেন লুইস। স্ট্রাইকে যেতে পারছিলেন না আফ্রিদি। লুইসের চার-ছক্কার ঝড় উঠিয়ে যখন নতুন ওভারের কারণে প্রান্ত বদল করেছেন, তখন এক ওভারে তিন বাউন্ডারি হাঁকিয়েছেন আফ্রিদি। পরের ওভারে আবার স্ট্রাইকে লুইস। হাঁকিয়েছেন চার-ছক্কা।
৪ ওভারে এই জুটি তুলেছেন ৫৩ রান। লুইসের সংগ্রহ ৩৮ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৫ রান। আফ্রিদি ৩ বাউন্ডারিতে ১৫ রান।
এরপর মিরাজের বলে সাজঘরে ফিরেন আফ্রিদি। ক্রিজে আসেন জাহিরুল ইসলাম। তিনি এক বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে ১৩ রান তুলে বিদায় নেন।
দ্বিতীয় সর্বোচ্চ ছিল কাইরন পোলার্ডের। তার সংগ্রহ ছিল ২৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫২ রান।
সাঙ্গাকারার সংগ্রহ ছিল ২২ বলে তিন বাউন্ডারিতে ২৮ রান।
এক ইনিংসে ২২ বাউন্ডারিতে ৮৮ রান সংগ্রহ করে ঢাকা। আর ৬ ছক্কায় তুলে ৩৬ রান। মোট ২০১ এর মধ্যে ১২৪ রান আসে চার-ছক্কা থেকে।




