এক ম্যাচে দুই হ্যাটট্রিকের অবিশ্বাস্য রেকর্ড

প্রথম শ্রেণীর এক ম্যাচে দুই হ্যাটট্রিক করে ইতহাস সৃষ্টি করলেন অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ সিরিজের আগে মঙ্গলবার অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণীর একটি ম্যাচে দুই হ্যাটট্রিক করার প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন এ তারকা ফাস্ট বোলার।
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ঘরোয়া শেফিল্ড শিল্ড ইতিহাসে অষ্টম এবং ৩৯ বছর পর প্রথম ক্রিকেটার হিসেবে বাঁ-হাতি এ পেসারের নৈপুণ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় লাভ করে নিউ সাউথ ওয়েলস।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে জেসন বেহরেনডর্ফ, ডেভিড মুডি এবং সিমন ম্যাককিনকে আউট করে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করার পর নিজের ১৫তম ওভারের শেষ দুই বলে আবারো বেহরেনডর্ফ এবং মুডিকে আউট করে দ্বিতীয় হ্যাটট্রিকের পথে এগিয়ে যান।
পরের ওভারের প্রথম বলেই জোনো ওয়েলসকে ফিরিয়ে দেয়ার পর স্টিভ স্মিথকে আউট করে ইতিহাসের পাতায় নাম লেখান স্টার্ক।
দলের ১৭১ রানে জয় পাওয়া ম্যাচে স্টার্কের ম্যাচ ফিগার দাঁড়ায় ৯৭ রানে সাত উইকেট।
এছাড়া এডিলেড ওভালে দিবা-রাত্রির ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ৭৩ রানে ৮ সউইকেট শিকার করে এ্যাশেজের আগে নিজের দারুন ফর্মের ইঙ্গিত দিচ্ছেন স্টার্ক।
ব্রিজবেনে ২৩ নভেম্বর প্রথম ম্যাচ দিয়ে পাঁচ টেস্টের এ্যাশেজ সিরিজ শুরু করবে ইংল্যান্ডে-অস্ট্রেলিয়া।
টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে দুই হ্যাটট্রিক করার ইতিহাস রয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জিমি ম্যাথুজের। ১৯১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে এ ইতিহাস গড়েছিলেন ম্যাথুজ।




