উ. কোরিয়ায় সামরিক কুচকাওয়াজ ছাড়াই পালিত হল কিম ইল সাং-এর জন্মবার্ষিকী

উত্তর কোরিয়ায় বেশ সাদামাটাভাবে পালন করা হলো দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাং-এর ১১০তম জন্মবার্ষিকী। সাধারণত এদিন চোখ ধাঁধানো সামরিক কুচকাওয়াজের আয়োজন করে দেশটি। সেই কুচকাওয়াজে নিজের পারমাণবিক শক্তির প্রদর্শণ করে উত্তর কোরিয়া। তবে এ বছর ছিল না কোনো কুচকাওয়াজ। এমনকি কোনো বক্তব্যও দেননি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এবং দেশটির ওয়ার্কার্স পার্টির প্রধান কিম জং উন।
আল-জাজিরা জানিয়েছে, এবার আতশবাজি দিয়ে কিম ইল সাং-এর জন্মবার্ষিকী উৎযাপন করেছে উত্তর কোরিয়া। এছাড়া রাজধানী পিয়ংইয়ং-এর প্রধান স্কয়ারে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানও। তাতে হাজার হাজার মানুষ দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে যোগ দেয়। ‘ডে অব সান’ নামে পরিচিত এ দিনটি দেশটিতে জাতীয় ছুটি।
এ দিন উত্তর কোরিয়া তার অস্ত্র প্রদর্শন করে বিশ্বের কাছে।
এ বছর যদিও একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়েছে দেশটি কিন্তু সেসবের কোনো প্রদর্শনী ছিলনা কিম ইল সাং-এর জন্মদিনে। মাত্র তিন সপ্তাহ আগেই পাঁচ বছর ব্যবধানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ধারণা করা হয়েছিল, এ দিনই সেটি দেখতে পাবে বিশ্ব। কিন্তু এসবের কিছুই ছিল না। এদিন কিম জং উন তার দাদার সমাধি পরিদর্শন করেন এবং জাতীয় বৈঠকে অংশ নেন। কিন্তু কোনো বক্তব্য রাখেননি তিনি।




