খেলা

উত্তেজনা ছড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক : দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাতলেটিকোর লড়াই মাদ্রিদ ডার্বি নামে পরিচিত। বাড়তি উত্তেজনা দুটি দলের মধ্যে ম্যাচের অবিচ্ছেদ্য অংশ বলা যায়। শনিবারও ঠিক তাই হলো। মোট ৩৭টি ফাউল হলো ম্যাচে। আর ১১ হলুদ কার্ড ও একটি লাল কার্ড দুদলের খেলোয়াড়দের উত্তেজনা বোঝানোর জন্য যথেষ্ট। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকোকে তাদের মাঠেই পরাজিত করে পয়েন্ট টেবিলের দুইয়ে চলে এলো সান্তিয়াগো সোলারির দল।
এদিন ম্যাচের শুরুতেই কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের কর্নার থেকে বাইসাইকেল কিক স্টাইলে নেওয়া ভলিতে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। খেলায় ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ঠিক ৯ মিনিট পর সমতা ফেরায় অ্যাতলেটিকো। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আন্তনিও গ্রিজম্যান মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে রিয়ালের রক্ষণভাগের দুজন খেলোয়াড় ও গোলরক্ষককে পরাস্ত করে দর্শনীয় এক গোলে ১-১ সমতা আনেন।
প্রথমার্ধের ৪৩ মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রকে অ্যাতলেটিকোর ডি-বক্সে ফাউল করলে ডিআরএসের সহায়তায় পেনাল্টি পায় সোলারির শিষ্যরা। পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। সঙ্গে উত্তেজনার হলকাও ছড়িয়ে পড়ে মাঠে। ম্যাচের ৫৮ থেকে ৭২ মিনিটের মধ্যে রিয়ালের দুজন ও অ্যাতলেটিকোর চারজন খেলোয়াড় হলুদ কার্ড দেখে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা গ্যারেথ বেল শেষ পর্যন্ত রিয়ালের জয়টা নিশ্চিত করেন। ৭৪ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে কোনাকুনি শটে গোল করে স্কোরলাইন ৩-১ করেন বেল।
ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাতলেটিকোর টমাস মার্টে। অবশিষ্ট সময়ে উত্তেজনা থাকলেও আর কেউ গোল করতে না পারায় সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে এখন রিয়াল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো তিনে আর এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button