
রাজধানীর উত্তরায় ১২ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন ফেটে তীব্র বেগে গ্যাস বের হচ্ছে। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার হাউস বিল্ডিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ২০.৫ কিলোমিটার বিআরটি লাইন প্রকল্প নির্মাণকাজের সময় মাটি খুঁড়তে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।
পরে প্রকল্প এলাকার নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাস্থল লাল কাপড় দিয়ে ঘেরাও করে রাখেন।
এ অবস্থায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল হক বলেন, সেখানে ১২ ইঞ্চি ব্যাসের একটি গ্যাসপাইপ ফেটে গেছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারছি না।
তিনি বলেন, ঘটনাস্থলে তিতাসের লোকজন পৌঁছেছেন। ফায়ার সার্ভিসও রয়েছে। আমরা গাড়ি ডাইভারশন করে দিয়েছি, যাতে সেখান দিয়ে গাড়ি না যায়।




