
সারা শরীরে দগদগে ক্ষত। হাসপাতালের বিছানায় কাৎরাচ্ছে ৯ বছরের শিশু গৃহকর্মী জান্নাত। তার অপরাধ, ঈদে বাড়ি যেতে চেয়েছিল, বাবা মায়ের সঙ্গে ঈদ করতে।
কিন্তু এই চাওয়াই কাল হয়েছে। সারা শরীরে নির্যাতনের চিহ্ন; দেয়া হয়েছে গরম খুন্তির ছ্যাঁকা। গাজীপুরের একটি বাসা থেকে উদ্ধারের পর, শিশুটিকে ভর্তি করা হয়েছে চাঁদপুর সদর হাসপাতালে। এরইমধ্যে নির্যাতনে সহযোগিতার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
এ ছবি দেখা কঠিন। সহ্য করা আরো কঠিন। তবে, এমন নির্মম আঘাতে আঘাতে যার শরীর ক্ষত বিক্ষত, দুঃসহ যন্ত্রণা অনুভব করছে, কেবল সেই।
একটু পেট ভরে খেয়ে বাঁচার আশায়, গাজীপুরের জয়দেবপুরে ওমর ফারুক ও মনি দম্পতির বাসায় কাজ করতো নয় বছরের জান্নাতুল ফেরদৌস। কিন্তু, ওই বাড়ি যেনো তার জন্য হয়ে উঠেছিলো জাহান্নাম। শিশুটি ঈদে মা-বাবাকে দেখতে চাঁদপুরে তাদের বাড়ি যেতে চেয়েছিলো। আর এই দোষে মাথায় ও শরীরে খুন্তি দিয়ে নির্মমভাবে পেটানো হয় তাকে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শিশুটির মাথায় রয়েছে মারাত্মক ক্ষত। আর সারা শরীর জুড়েই পুরোনো নির্যাতনের চিহ্ন।
নির্যাতনে সহযোগিতার অভিযোগে ওমর ফারুকের ভায়রা মোস্তফা সরদারকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ওমর ফারুক ঢাকা বিমানবন্দরে চাকরি করেন। আর তার স্ত্রী মনি বেগম পেশায় স্কুল শিক্ষক।
-চ্যানেল ২৪



