খেলা

ঈদের পরেই সাসেক্সের হয়ে মাঠে নামছেন মুস্তাফিজ!

আবারো সাসেক্সে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে আলোচনা। বৃহস্পতিবার নেটে বল করেছেন মুস্তাফিজ। একদিন বাদেই এ নিয়ে কথা বললেন সাসেক্সের কোচ মার্ক ডেভিস। জানিয়ে দিয়েছেন, মুস্তাফিজকে পাচ্ছেন এটুকু নিশ্চিত। সেটা নাকি দলের পরের ম্যাচেই!
ইংলিশ কাউন্টি দল সাসেক্সের কোচ ডেভিস জানিয়েছেন, ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ আছে তাদের। সেখানেই মুস্তাফিজকে দলের জার্সিতে দেখা যেতে পারে। শুধু তাই নয়, মুস্তাফিজকে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলাতে চান কোচ। ওয়ানডে কাপের শেষ চারটি ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার কথা জানিয়েছেন। সাসেক্স যদি এই দুই টুর্নামেন্টে নকআউট পর্বে যায়, মুস্তাফিজকে তারা রেখে দেবেন।
ডেভিস বলেছেন, ‘ফিজকে বোঝা আসলে অনেক কঠিন। আইপিএলের পর ওর পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজনের চেয়েও বেশি সময় নিচ্ছে। তাছাড়া একবার বাড়ি ফিরে আবার ছেড়ে আসাটাও তার জন্য অনেক কঠিন।’
ডেভিস আরো বলেন, ‘এতোকিছু পরও তাকে শেষপর্যন্ত পেলে খুব ভালো হবে। আমি মনে করি এই মূহুর্তে সে বিশ্বের অন্যতম সেরা ব্যতিক্রমী ও রোমাঞ্চকর বোলার। ইংল্যান্ডের মাঠে তার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দেবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরার পর হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে উঠতে লড়াই শুরু করেন। ভারত থেকে ফেরার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার বল হাতে নেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাডেমির মাঠে বল করেন তিনি।
এর একদিনের মধ্যেই সাসেক্স কোচের কাছ থেকে এমন বার্তা সমর্থকদেরকে নতুন করে ভাবাচ্ছে। তাছাড়া জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহেও চান যেন মুস্তাফিজ ইংল্যান্ডে খেলেন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও পরবর্তী বিশ্বকাপ ইংল্যান্ডের মাঠেই অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে নিজেকে আগে থেকেই ঝালিয়ে নেওয়ার সুযোগ হতে পারে কাউন্টি ক্রিকেট।
সূত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button