ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় শতাধিক নিহত

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত একশ’ ছাড়িয়েছে। আহত হয়েছে বহু লোক। এ হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহী এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে চলা যুদ্ধ তুলনামূলকভাবে শান্ত থাকার কয়েক মাস পর শনিবারের এ হামলার ঘটনা ঘটল।
এদিকে ইয়েমেনের এ সরকারের প্রতি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থন রয়েছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হামলা চালায়।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেন, ‘আমরা মসজিদে হুতি মিলিশিয়াদের এ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।’
সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে। হুতিদের এ হামলার কঠোর জবাব দেওয়া হবে।
হতাহতদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।
তবে হুতিরা তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।




