শিরোনাম

ইসির নির্দেশনায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন ও পূজা একই দিন হওয়ায় সরকারের কিছু করার নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের। এখানে আমাদের কিছু করার নেই। তারা যেভাবে চাইবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে কাজ করবে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচন ও সরস্বতী পূজা একই দিন হলেও বিষয়টি নির্বাচন কমিশনের। এই সিদ্ধান্ত তারা নেবে। এতে আইন-শৃঙ্খলার অবনতি হবে এমন কোনো কারণ নেই। আমরা মনে করি সবাই সবার গুরুত্বটা বোঝেন। নির্বাচন কমিশন যা বলবেন আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সেই দিকে নজর রেখেই কাজ করবে।
তিনি বলেন, ২০০১ সালে আমরা যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা হারিয়ে ফেলি, তারপর দেশের সাক্ষরতার হার একদম কমে যায়। ২০০৮ সালে পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর এখন দেশের সাক্ষরতার হার ৭৩ ভাগে পৌঁছেছে। অভিভাবকরা বুঝতে শিখেছে শিক্ষার বিকল্প নেই। এই ধারণা তাদের মধ্যে আসছে বলে তারা সন্তানদের স্কুলে পাঠাচ্ছে। জোর গলায় বলতে পারি, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ তার সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে না। কারণ প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সব স্কুলে ইমারতসহ সব ক্ষেত্রে সুন্দর ও উন্নত করা হয়েছে। এ কারণে আমরা সব স্তরে শিক্ষার সুফল পাচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচনে যেসব ওয়াদা আমরা করেছিলাম একের পর এক তাতে সফল হচ্ছি। এই কারণে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শুধু শিক্ষার হার না, সবকিছুতে আমরা সফল থেকে সফলতর হচ্ছি। যা বলে শেষ করা যাবে না।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button